এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
শুক্রবার (২৩ জুন) সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় সরকার দল হিসেবে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে গ্রিন ইউনিভার্সিটি, বাংলাদেশের বিতার্কিক দল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব জায়গায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন হয়েছে। এটা শুধু আমাদের নয় পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের পাওয়া। অনেকদিন পর বড় কোনো প্লাটফর্মে আমরা চ্যাম্পিয়ন হলাম। নিঃসন্দেহে এটি বড় পাওয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি মুক্তবুদ্ধির উন্মেষ এবং বিতর্ক চর্চায় সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। অনেকদিন পর জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চ্যাম্পিয়ন ট্রফি আসলো। বিতর্ক দলের একজন হয়ে আমি অনেক আনন্দিত। আশাকরি আমাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রতিযোগিতায় স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মো. রইছ, ড. এসএম মোর্শেদ, গবেষক তাহরিন তাহরীমা চৌধুরী, সাংবাদিক মাঈনুল আলম ও সাংবাদিক দৌলত আক্তার মালা।
