‘প্রিয়তমা’ চলচ্চিত্রে প্রিন্স মাহমুদের গান!

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৯:১৫

ডিজিটাল প্লাটফর্মের এ সময়ে যেকোনো প্রচারের ক্ষেত্রে চমক লাগানোটা খুব জরুরি। আর সেই চমক যদি হয় মেধাদীপ্ততায়, তবে তা অন্য ব্যঞ্জনায় পৌঁছায়। তখন কাজটিও সফলতার অঙ্ক গোনে। বাংলাদেশি চলচ্চিত্রের ধারায় দারুণ এক বাঁকবদল হতে শুরু করেছে।

তরুণ নির্মাতারা যেমন তাদের নতুন ভাবনা নিয়ে কাজ করছেন, ঠিক তেমনি চলচ্চিত্রের সংগীতের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে অনেকখানি। হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি এরই ভেতরে নায়কের লুকসহ নানা কারণে কৌতুহলের জায়গা তৈরি করেছে। এবারে এই ছবিতে হিমেল আশরাফ রাখছেন প্রিন্স মাহমুদের গান।

মূলত আমাদের সংগীত জগতে নব্বই দশকের সোনালি যুগের কৈশোর তারুণ্যের এক মোহের নাম প্রিন্স মাহমুদ। একাধিক কালজয়ী গান রয়েছে এই সুরকারের সুরে। প্রিন্স মাহমুদকে বাংলাদেশি চলচ্চিত্রে ব্যবহার করা হয় না বলে অনেকেই অভিযোগ করেন। এর আগে শাকিব খান অভিনীত ‘সত্তা’ ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন। এরপর হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ চলচ্চিত্রের কাজ করেছেন প্রিন্স।

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের গানটি প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানাতে চাননি নির্মাতা হিমেল আশরাফ। শুধু জানালেন, আমি এই ছবিটি সব ধরনের দর্শকদের জন্যই নির্মাণ করছি। সেদিক বিবেচনা করেই এই আইডিয়াটি করেছি। ছবিটির পরিকল্পনা যখন শুরু করি তখন থেকেই আমি প্রিন্স ভাইয়ের একটি গান করিয়ে রাখি। প্রিয়তমা ছবিটিতে এ রকম আরও বেশকিছু চমক থাকছে, যা দর্শককে অবাক ও মুগ্ধ করবে। প্রিন্স মাহমুদের সুরের গানগুলো শুনেই মূলত আমাদের বেড়ে ওঠা। তাকে নিয়ে আমার চলচ্চিত্রের একটি গান রাখতে পারছি এটা মনে করি চলচ্চিত্রের টোটাল কন্টেন্টকেও সমৃদ্ধ করবে।

এবারের ঈদুল আজহায় প্রথমবারের মতো হিমেল আশরাফের নির্মাণে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাচ্ছে।

ইত্তেফাক/আরএজে