রাশিয়ার সামরিক হেলিকপ্টার ভূপাতিতের দাবি প্রিগোজিনের

আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:৪৭

রাশিয়ার ভাড়াটের বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তার যোদ্ধারা একটি রুশ সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে নতুন এক পোস্টে তিনি এ দাবি করেছেন। শনিবার (২৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি দাবি করেছেন, ওই হেলিকপ্টার থেকে একটি সামরিক কনভয়ে গুলি ছোড়া হচ্ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

এর আগে তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনে সীমান্ত পেরিয়ে তার বাহিনী রাশিয়ান রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে।

এদিকে রাশিয়া প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে যুদ্ধের পরিচালনা নিয়ে রাশিয়ার সামরিক নেতৃত্বের কড়া সমালোচনা করেছিলেন প্রিগোজিন। গতকাল শুক্রবার ৬২ বছর বয়সী প্রিগোজিন অভিযোগ করেন, রাশিয়ান বাহিনী ইউক্রনে তার যোদ্ধাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। এরপরেই তিনি রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

ইত্তেফাক/এসআর/এসকে