গাইবান্ধায় কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব

‘চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে’

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৩:৫১

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, যারা দেশকে ভালোবাসে জণগনের কাছে যারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা কোনভাবেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারে না। বিশ্ব জুড়ে অর্থনৈতিক সংকট, খাদ্য সংকটের পদধ্বনিতে বাংলাদেশ একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা -৩ ও গাইবান্ধা -৪ আসনে জাকের পার্টির এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সুন্দরগঞ্জ, সদর উপজেলায় পাবলিক লাইব্রেরী মিলনায়তন, সাদুল্লাপুর ও ফুলছড়িতে অনুষ্ঠিত আলাদা কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

গত ১০ জুন থেকে জাকের পার্টি রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে কাউন্সিলের মাধ্যমে প্রার্থী বাছাই শুরু করে।

পঞ্চগড় দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর জেলা, রংপুর মহানগর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার ৫ আসন দিয়ে ৩৩ টি সংসদীয় আসনে কাউন্সিল শেষ হয়। প্রতিটি কাউন্সিলে জাকের পার্টি ও  সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রীফ্রন্টসহ আপামর জনসাধারণ উপস্থিত ছিল।

শামীম হায়দার বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশ ও জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জাকের পার্টি হিংসা, হানাহানি, পেশীশক্তিতে নয় ভালোবাসা দিয়ে সকলের হৃদয় জয় করতে চায়।

কাউন্সিলে জাকের পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, রশিদ হাওলাদার, মোর্শেদ হাসান জামাল, কৃষক মহীউদ্দীন, দেলোয়ার হোসেন, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, বিপ্লব বনিক,  মুফতী কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ বক্তৃতা করেন।

 

ইত্তেফাক/এসসি