পায়ুপথে ইয়াবা রেখেও শেষ রক্ষা হলো না মাদক কারবারির

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৫:৫৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পায়ুপথে ইয়াবা রেখেও শেষ রক্ষা হলো না আব্দুর রশিদ (৩৫) নামে মাদক এক কারবারির। শুক্রবার (২৩ জুন) রাতে উপজেলার উখিয়া-টেকনাফ সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রশিদ টেকনাফ উপজেলার নয়াবাজার সাতঘড়িয়া পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে।

ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উখিয়া-টেকনাফ সড়কের রাবার বাগানের প্রবেশ মুখে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুর রশিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে এবং পায়ুপথ থেকে ২৯টি পোটলায় ১৪৫০ পিস ইয়াবা বের করে দেন। 

তিনি আরও বলেন, পরবর্তীতে সে জানায় তার পেটের ভেতরে আরও ১ টি ইয়াবার পোটলা রয়েছে। তাৎক্ষণিক তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করেন। সেখানে বাকি ১টি পোটলায় ৫০ পিস ইয়াবাসহ মোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

 

 

 

ইত্তেফাক/এবি/পিও