শিবচরে মসজিদের সামনে রামদার কোপে আহত সিরাজ মিটফোর্ডের আইসিইউতে

আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:১৪

শিবচরের কুতুবপুরে মসজিদের সামনে রামদার কোপে আহত সিরাজ মিরবল ঢাকার মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের তোতা মিয়া মাদবর এবং সিরাজ মিরবলের সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সিরাজের প্রবাসী ছোট ছেলের স্ত্রীকে মারধর করে তোতা মিয়া ও তার লোকজন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করে দিলে সেটি তোতা মিয়ার মনঃপূত না হওয়ায় সিরাজকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে দলবল নিয়ে চলে যায়।

অভিযোগ উঠেছে, এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন ভোরে আগে থেকে ওত পেতে থাকে তোতা ও তার সহযোগীরা। ফজরের নামাজ পড়তে আসা সিরাজ তখন মসজিদে ফজরের জামাতের কাতার শুরু হচ্ছিল এই মুহূর্তে মসজিদের ভেতরে ঢুকতেই পেছন থেকে তোতা মিয়ার নেতৃত্বে গামছা দিয়ে মুখ বেঁধে মসজিদের সামনের খালি জায়গায় ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তার মৃত্যু হয়েছে নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে। নামাজ শেষে মসজিদের মুসুল্লিরা ও  সিরাজ মিরবলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সিরাজের ছেলে শহিদুল এই ঘটনায় তোতা মিয়াসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবচর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন। আহত সিরাজের পরিবার অভিযোগ করেছে, জামিনে থাকা আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। 

শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছিল। পরে তোতাসহ সবাই জামিন পেয়েছে। আসামিদের হুমকির বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

ইত্তেফাক/ইআ