লেবাননের বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধ রক্ষণাত্মক খেলেছে। কাউন্টার আক্রমণ করে খেলেছে। লেবানান প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিল। সেগুলো আটকে গিয়েছিল গোলকিপার জিকোর দক্ষতায়। তবে দলের সিনিয়র ফুটবল তপু বর্মণ বলছেন ভিন্ন কথা। তিনি বললেন, 'রক্ষণভাগ নিয়ে খেলেছি তা বোধ হয় ঠিক না। আমরা গোল করার চেষ্টাও করেছি। এটা আমার কাছে মনে হচ্ছে। আমাদের শুরুটা দারুণ ছিল। চেষ্টা ছিল গোল হজম না করা।'
তপু বর্মণ বলছিলেন, 'আমরা কিছু ভুলের জন্য হেরে গিয়েছি। সারা ফুটবল দুনিয়ার খেলায় ভুল হয় এটা এমন না যে শুধু আমাদের খেলায় ভুল হয়। যেসব ভুল হয়েছি তা মেনে নিয়েছি। এখন আমরা ভাবছি এসব ভুল যেন পুনরায় না হয়।’ গোল প্রসঙ্গে তপু বললেন, ‘লেবাননের বিপক্ষে আমরা গোল না খাওয়ার ম্যাচ খেলেনি। গোল করার চেষ্টাও করেছি।'
ডিফেন্ডার তপু বর্মণ কালকের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বলছিলেন 'আমাদের খারাপ লাগছে। কারণ সাফ হচ্ছে আমাদের কাছে বিশ্বকাপ। কথায় আছে না একবার না পারিলে দেখ শতবার। তাই বলব এক ম্যাচ হেরে গেলে সব শেষ হয়ে গেছে সেটা ভাবছি না। এখন যা করার মাঠেই করতে চাই আজকে। এটা আমাদের জন্য ফাইনাল ম্যাচ। না জিতলে আউট হয়ে যাব। আমরা সবাই এটাই ভাবছি।'
