চেক জালিয়াতির মামলায় আলেশা মার্ট চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৫ জুন ২০২৩, ১৬:৫৭

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার (২৫ জুন) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মামলার বাদী মো. সেলিম ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দু’টি মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৯৪ হাজার ৮০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিকে প্রদান করেন। ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল। কিন্তু আলেশা মার্ট বাদীর চাহিদা অনুযায়ী তা সরবরাহ না করে কালক্ষেপণ করে। পরে মোটরসাইকেল সরবরাহ করতে না পারায় আলেশা মার্ট কর্তৃপক্ষ ২০২১ সালের ২৩ ডিসেম্বর দু’টি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার অ্যাকাউন্ট পে-চেক প্রদান করেন। 

চেক দু’টি নগদায়ন করতে গত বছরের ৫ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মিরপুর শাখায় জমা দিলে তা অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়। পরে ওই বছরের ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি এমনকি চেকের সমপরিমাণ টাকা প্রদান করেননি।

ইত্তেফাক/এবি/পিও