মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে এবং ভোর ৪টার দিকে শ্রীনগর উপজেলার শেখ রাসেল সেনানিবাস সংলগ্ন স্থানে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা থেকে শরীয়তপুরীরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় ওই নারী। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পুলিশ সদস্য মোতালেবের মৃত্যু হয়। এ ঘটনায় বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
অপরদিকে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আসিফ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মাওয়াগামী একটি ভ্যানকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে একজন মারা যান। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
