ভারতে বিশ্বকাপ জেতার সব রসদ রয়েছে টাইগারদের

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৪:০৫

চলতি বছর আগামী অক্টোবর মাসে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের খেলা। আর এ বিশ্বকাপে বেশ শক্তিশালী দল হিসেবেই যাচ্ছে বাংলাদেশ দল। এছাড়া সাদা বলের এই ফরম্যাটে বাংলাদেশ তুলনামূলকভাবে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হয়। আর বর্তমানে টাইগাররা যেই ছন্দে রয়েছে তাতে নিঃসন্দেহেই বলা যায় তারা দারুণ কিছুর সাক্ষী হলেও হতে পারে। বাংলাদেশ নারী দলের হেড কোচ হিসেবে দায়ীত্ব পালন করা ’৯৬-এর বিশ্বকাপজয়ী লঙ্কান দলের খেলোয়াড় হাশান তিলকারত্নেও এমটি মনে করেন।

তামিম সাকিবরা ঈদের ছুটিতে গেলেও মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত সিরিজকে সামনে রেখে চলছে নারী দলের অনুশীলন। অনুশীলনের ফাঁকে রোববার গণমাধ্যমের সামনে এসে আসন্ন বিশ্বকাপে টাইগারদের নিয়ে নিজের উচ্চ প্রত্যাশা প্রকাশ করেন তিলকারত্নে। এছাড়া বর্তমান বাংলাদেশ দলকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা দলের সঙ্গেও মেলান তিনি।

গতকাল তিলকারত্নে বলেন, ‘ক্রিকেটারদের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ দলের মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সমর্থন করে যেতে হবে। আমি নিশ্চিত যে, তাদের মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব রসদ আছে।’

এ সময় ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা দলের মতো এবারের বাংলাদেশ দলকেও বেশ শক্তিশালী মনে করেন নারীদের হেডমাস্টার। তিনি বলেন, ‘আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা।  ১৯৯৬ সালে উপমহাদেশে খেলা হয়েছিল। যা আমাদের সাহায্য করেছে। ঐ সময় আমরা খুব অভিজ্ঞ দল ছিলাম। তবে কেউ ভাবেনি আমরা বিশ্বকাপ জিততে পারব। কিন্তু এখানে নির্দিষ্ট দিনে আপনার সেরা খেলাটা খেলতে হবে। বাংলাদেশ এখন খুব ভালো একটি দল। তারুণ্য এবং অভিজ্ঞতার ভালো মিশেল আছে দলে। কন্ডিশন বুঝে নিজেদের সমর্থন করে খেলে গেলে বিশ্বকাপ জেতার বেশ ভালো সম্ভাবনাই আছে তাদের।’এদিকে ঈদের পরপরই বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। সব খেলাই মিরপুরে। আসন্ন সিরিজ নিয়ে তিলকারত্নে বললেন, ‘সবাই হোম অব ক্রিকেটে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। প্রস্তুতি শুরু হয়েছে। আমরা প্রসেস অনুযায়ী এগোতে চাই। সিরিজটাতে ভালো করতে সবাই উদগ্রীব।’

ইত্তেফাক/ইআ