৩৮ বছর পর ‘প্রজেক্ট কে’তে একসঙ্গে কামাল-অমিতাভ

আপডেট : ২৬ জুন ২০২৩, ১০:১৫

আসন্ন ভারতীয় বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’তে যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার কামাল হাসান। নির্মাতারা জানিয়েছেন, প্রবীণ অভিনেতা কামাল হাসান নতুন এই সিনেমার অভিনয়ে যোগ দিয়েছেন।

এই সিনেমায় অভিনয় করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি অমিতাভ বচ্চন ও দিশা পাটানির মতো তারকারা।

প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী পিকচার্স’ রোববার (২৫ জুন) অফিসিয়াল টুইটার বার্তায় জানিয়েছে, ‘শ্রেষ্ঠ অভিনেতা স্বাগত কামাল হাসান। আমাদের যাত্রা এখন সার্বজনীন হয়ে উঠেছে।’

বহুল প্রত্যাশিত সিনেমাটির পরিচালক নাগ অশ্বিন। বৈজয়ন্তী পিকচার্সের প্রধান সি আসওয়ানি দত্ত এই সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন।

এদিকে ‘গ্রেফতার’ ছবির পর অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় ৩৮ বছর পর ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে কামাল হাসানকে।

কামাল হাসানের যুক্ত হওয়ার খবরে স্বাগত জানিয়েছেন অমিতাভ বচ্চন। টুইটারে অমিতাভ লিখেছেন, ‘স্বাগতম কামাল। আপনার সাথে আবার কাজ করে দারুণ লাগছে...বেশ কিছুদিন হয়ে গেল!’

ইত্তেফাক/এসকে