নওগাঁর আত্রাইয়ে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টমটম যাত্রী যুবক মোয়াজ্জেম হোসেন (২৯) নিহত হয়েছেন। এ সময় টমটমে থাকা মাহাবুর রহমান (৫৭) ও সুমন (৪৫) নামে আরও দুইজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন স্লুইচগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টর ফেলে ট্রক্টরের চালক ও হেলাপার পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
নিহত মোয়াজ্জেম হোসেন আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের শামসুর রহমান খাঁনের ছেলে। আহত মাহাবুর রহমান একই উপজেলার বিহারীপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ও সুমন পার্শ্ববর্তী রাণীনগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মোয়াজ্জেম হোসেন, মাহাবুর রহমান ও সুমন রাণীনগর উপজেলার দিক থেকে ব্যাটারিচালিত টমটমযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন স্লুইচগেইট এলাকায় টমটমটি এলে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। মাহাবুর রহমান ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রামেকে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানী মহিলা কলেজে সুচিন্তার জঙ্গিবাদবিরোধী সেমিনার
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ইত্তেফাক/নূহু
