ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাতভর ১৩ কিলোমিটার যানজট, সকালে স্বাভা‌বিক

আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:৫৫

ঢাকা ও টাঙ্গাইল মহাসড়‌কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু সড়ক পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার যানজট মঙ্গলবার (২৭ জুন) সকাল থে‌কে স্বাভা‌বিক  হয়েছে। তবে যানবাহন ধীরগতিতে চলছে।

মঙ্গলবার (২৭ জুন) এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহসড়কের সল্লা হ‌তে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৭ কি‌লো‌মিটার সড়‌কে থে‌কে থে‌কে প‌রিবহন চলাচল কর‌ছে।

এর আগে সোমবার (২৬) রাত ১২টা থে‌কে মঙ্গলবার  ভোর ৫টা পর্যন্ত এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু‌ সেতু ওপর পর্যন্ত প্রায় ১৬ কি‌লো‌মিটার অং‌শে যানজট লে‌গে‌ছিল।

সেতু কর্তৃপক্ষ ও পু‌লি‌শ জা‌নায়, বঙ্গবন্ধু সেতুর ওপর প‌রিবহন দুর্ঘটনা, হঠাৎ বিকল ও এক‌লে‌নে সড়‌কে আগে যাওয়ার প্রতি‌যো‌গিতায় চার‌ লে‌নে প‌রিবহন চলাচ‌লের কার‌ণে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এছাড়া সেতু‌তে প‌রিবহ‌নের চাপ ও যানজটের কার‌ণে টোল আদায় বন্ধ ছিল।

ছবি: ইত্তেফাক

তারা জানায়, সোমবার রাত ২টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ওপর পরপর দু’বার  দুই প‌রিবহ‌নের সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এছাড়াও একটি প‌রিবহন বিকল হওয়ার ঘ‌টনা ঘ‌টে। এতে রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও  ভোর সাড়ে ৫টার থেকে  ভোর পৌনে ৬টা পর্যন্ত সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়।  আর এটি  যানজটের আরও একটি কারণ হয়ে দাঁড়ায়।

এদি‌কে মহাসড়‌কের প‌রিবহনগু‌লো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল করায় বিভিন্ন অং‌শে ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ওই সড়‌কের কা‌লিহাতী উপ‌জেলা কুচ‌টি হ‌তে এলেঙ্গা রেলক্রসিং, বঙ্গবন্ধু সেতুপুর্ব গোল চত্ত্বর হ‌তে গো‌বিন্দাসী পর্যন্ত ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

ছবি: ইত্তেফাক

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জাহিদ হাসান বলেন, রা‌তে মহাসড়‌কে এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত যানজট ছিল। সকা‌লের দি‌কে স্বাভা‌বিক হ‌তে শুরু ক‌রে‌ছে। ত‌বে এখনও সল্লা হ‌তে সেতু পূর্ব পর্যন্ত প‌রিবহ‌নের ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এর আগে রা‌তে সেতুর ওপর প‌রিবহনের দুর্ঘটনা ও টোল আদায় ব‌ন্ধের কার‌ণে এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। পু‌লিশ সড়কে দায়িত্ব পালন কর‌ছে। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

ইত্তেফাক/আরএজে