আম খেয়ে অসুস্থের ঘটনায় জরিমানা

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৪:৪৪

টাঙ্গাইলের মির্জাপুরে আম খেয়ে চিকিৎসকসহ একই পরিবারের আট জন অসুস্থের ঘটনায় সোমবার (২৬ জুন) দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল মিয়া ও  মিজানুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচী রানী সাহা বংশাই রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তিনি জানান, ভোক্তা আইনের ৫১ ধারায় দোকানদার রুবেল মিয়াকে তিন হাজার এবং মিজানুর রহমানকে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা সেনেটারি ইন্সফেক্টর ইসরাত জাহান উপস্থিত ছিলেন। তিনি জানান,  মিজানুর রহমানের দোকান থেকে কার্বাইডযুক্ত আম সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। 

গত শুক্রবার (২৩ জুন) মির্জাপুর বাজার থেকে ছয় কেজি আম ক্রয় করে বাড়িতে নিয়ে যান ব্যবসায়ী আমজাদ হোসেন। বাড়িতে নেওয়ার পর আম খেয়ে আস্তে আস্তে তাদের মাথা ঝিমানো, প্রচুর ঘুম ও বমি হতে থাকে। এভাবে বাড়ির আট সদস্য অসুস্থ হয়ে পরেন। বাড়িতে অসুস্থদের চিকিৎসা দেওয়ার জন্য মির্জাপুর শহরের থেকে চিকিৎসক টিটুকে নিয়ে যান। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই চিকিৎসককে দুটি আম কেটে দেন খাওয়ার জন্য। আম খাওয়ার পর চিকিৎসকও আস্তে আস্তে অসুস্থ হয়ে পরেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজার থেকে কেনা আমের মধ্যে প্রচুর মাত্রায় কার্বাইড মেশানো ছিল। এই আম খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পরেছে।

ইত্তেফাক/আরএজে