কোরবানির পশুর গাড়ি নিয়ে টানাহেঁচড়া, ৯৯৯-এ ২৮২ অভিযোগ

আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:৩৯

পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে গত ছয় দিনে ২৮২টি ফোন এসেছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। এর মধ্যে ১১১টি ফোনই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়ার অভিযোগের। ৯৯৯-এ ব্যাপারীরা অভিযোগ করেন ইজারাদারেরা তাদের নিজ নিজ হাটে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করেছেন।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদাবাজি, পশুর গাড়ি আটকানো বা চলাচলে বাধার ঘটনা ছাড়াও জাল টাকা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার অভিযোগও এসেছে বলে জানান তিনি।

আনোয়ার সাত্তার আরও জানান, প্রতিবছরের মতো এবারও নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশ থেকে পশুর হাট ও পশুসংক্রান্ত ২৮২টি কল এসেছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজি ৬৬টি, সড়কে চাঁদাবাজি ২৬টি, অজ্ঞান পার্টির ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির ৮টি, জাল টাকার ৪টি এবং অন্যান্য ইস্যুতে আরও ৫৬টি কল এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। 

আনোয়ার সাত্তার বলেন, ‘প্রতিটি ঘটনা পুলিশ ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দেওয়া হয়েছে। সবগুলো ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।’

এর আগে গত ১৮ জুন কোরবানির ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কোরবানির পশুবাহী কোনো যানবাহন যাতে জোর করে হাটে থামানো না হয় এবং ভিন্ন গন্তবে যেতে বাধ্য করা না হয় সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশনার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ইত্তেফাক/এসজেড