আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টটির দিন গণনা। এছাড়া অনেক অপেক্ষা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে গতকাল প্রকাশিত হয়েছে আসন্ন আসরটির চূড়ান্ত সূচিও। সেখানে দেখা যায় আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এছাড়া ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ। আর আসন্ন এ টুর্নামেন্টটি নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
গত কয়েক বছর ধরেই ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক পারফরম করছে বাংলাদেশ। এছাড়া সবশেষ কয়েকটা সিরিজে তো রীতিমতো উড়ছেই বলা চলে। এতে করে আসন্ন বিশ্বকাপে বড় স্বপ্ন বুনছেন টাইগার সমর্থক, কর্তৃপক্ষ, ক্রিকেটার সবাই। এছাড়া আসরটি যেহেতু অনুষ্ঠিত হবে ভারতে সেই সুবিধাটিও কাজে লাগাতে প্রস্তুত বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশের কন্ডিশন প্রায় একই বলা যায়। তাই মঙ্গলবার বিশ্বকাপে সূচি প্রকাশের পর আইসিসির নেওয়া তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপে ভালো কিছু করারই ইঙ্গিত দিয়েছেন।
তামিম ইকবাল বলেন, ‘এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের সংস্করণ যা প্রতিনিয়ত আপনার ধৈর্য ও খেলার প্রতি সচেতনতার পরীক্ষা নেয়। টুর্নামেন্টের কাঠামো আপনাকে নির্ভার থাকতে দেবে না। প্রতিটি দলই কঠিন, কোনো সহজ ম্যাচ নেই।’
এ সময় ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তামিম বলেন, ‘ভারতে খেলা সব সময় আনন্দের। মাঠের উন্মাদনা, দুর্দান্ত স্টেডিয়াম এবং জ্ঞানী ক্রিকেট ভক্তরা অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে। আমরা সেখানে খেলতে গেলেই ভালো সমর্থন পাই।’ এর আগে বাংলাদেশের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন এবার বাংলাদেশের সব থেকে সেরা দল যাবে ভারতে বিশ্বকাপ খেলতে। কারণ এ দলে রয়েছে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো চার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়া রয়েছে শান্ত, হৃদয়, হাসান মাহমুদদের মতো তরুণ খেলোয়াড় যারা কি না, বেশ কিছু সিরিজ ধরেই দুর্দান্ত ছন্দ প্রদর্শন করে আসছে। আর তাই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে দল নিয়ে বিশ্বকাপে যাব তাতে আমি আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে উঁচু মানের পারফরম করে আসছি। সুপার লিগেও ওপরের দিকে ছিলাম। তরুণ ও অভিজ্ঞদের দারুণ মিশেল থাকবে দলে। কন্ডিশনও থাকবে চেনা।’
এর আগে সবশেষ অনুষ্ঠিত হওয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত সূচনা হয়েছিল টাইগারদের। এরপর জয় পেয়েছিল আফগানিস্তান, ওয়েস্টইন্ডিজের বিপক্ষেও। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি, নিউ জিল্যান্ডকে হারানোর সুযোগ হারানোর সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে পেরে না ওঠায় সেমিফাইনাল খেলা হয়নি তাদের। তবে এবার আরো শক্তিশালী দল তামিম-সাকিবরা।
