ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেলা বাড়লেও কমেনি গাড়ির চাপ

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৬:২৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ২৮ জুন (বুধবার) ভোররাত থেকে বেলা ১২ পর্যন্ত মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানজট কেটে গেলেও কমেনি গাড়ির চাপ। 

মহাসড়কে যানবাহনের পরিমাণ কয়েকগুন বেড়ে যাওয়া, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মাঝে মাঝে সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ বলে জানা গেছে।  দুপুর ২টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকাতে গিয়ে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। 

 ছবি: ফোকাস বাংলা

গাড়ির চাপ সম্পর্কে বাস গাড়ির চালক মো. জয়েন উদ্দিন বলেন, গাবতলী থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তাই বগুড়া পৌছাতে নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা বেশি সময় লাগবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত কোনো যানজট নেই। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

ইত্তেফাক/পিও