বাংলাদেশকে আনন্দে মাতিয়ে ভারতেই ঈদ করলেন জামাল ভুঁইয়ারা

আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪:০৯

একদিকে বাংলাদেশের ঘরে ঘরে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ ঈদের খুশির সঙ্গে যোগ হয়েছে ১৪ বছর পর বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার খুশি। লাল-সবুজের ভক্তদের সেই খুশি উপহার দেওয়া জামাল-মোরাসালিনরা আজ ঈদ উদযাপন করেছেন ভারতের ব্যাঙ্গালোরে।  

সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে ব্যাঙ্গালোরে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের মতো ভারতেও আজ বৃহস্পতিবার (২৯ জুন) উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ সকালে ব্যাঙ্গালোরের রিসালদার পার্ক মাঠে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ দলের ফুটবলারসহ অন্যান্য মুসলিম সদস্যরা। 

ঈদের নামাজ শেষে কোচিং স্টাফ, সাফের কর্মকর্তা আর সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ফুটবলাররা। নামাজ শেষেই হোটেলে ফেরেন ফুটবলাররা। আজ অনুশীলন না থাকলে বিকেলে রয়েছে রিকভারি সেশন। 

গতকাল ভুটানকে হাররিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনাল নিশ্চিত করে পুরো দেশের ঈদের উৎসব দ্বিগুণ করে দিয়েছেন লাল সবুজের জার্সিধারীরা। আগামী শনিবার (১ জুলাই) কুয়েতের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। 

ইত্তেফাক/এসএস