বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেলসহ বড় বড় মেগাপ্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে অসহায় ও সুস্থ্যদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিরতণের সময় এ কথা বলেন তিনি।
মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য বিএনপির আন্দোলন নিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ আসলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এতো সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।
শাজাহান খান আরও বলেন, বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারো জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে। বিএনপি বলছে গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শিবু খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
