টাঙ্গাইলের ভূঞাপুরে সাদি (২০) নামের একজন কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকালে ভুঞাপুর পাইলট সরকারি বিদ্যালয়ের পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা সাদির ওপর হামলা করে গুরুত্বর আহত করে।
আহত সাদি ভুঞাপুর পৌরসভার বীরহাটি এলাকার নজরুলের ছেলে। সে ভুঞাপুর ইবরাহিম খাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা করা হয়।
ঘটনার পর সহপাঠীরা উদ্ধার সাদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সাদির সহপাঠীরা জানান, ভুঞাপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে বিভক্ত রয়েছে। একটি গ্রুপে সাদি যুক্ত থাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অর্নিকা রায় জানান, কলেজছাত্রের পিঠে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এমন ঘটনার খবর পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
