বরগুনার বামনায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে স্কুলছাত্রী সুখী (১৩)। শুক্রবার (৩০ জুন) দুপুরের পর উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুখী ভ্যান চালক মো. খলিলুর রহমানের মেয়ে। সুখী ভাইজোড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, ওই স্কুল শিক্ষার্থীকে তাদের পাশের লতিফ মাস্টারের বাড়ির লোকজন কাঁঠাল পাড়তে গাছে উঠায়। কিন্তু শিক্ষার্থী গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দেখতে পায় সুখীর হাত-পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠালে হাসপাতালে পৌঁছার আগেই সুখী মারা যায়।
বামনা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
