বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিস ইনচার্জ মো. ইমরান হোসেন গত শুক্রবার (৩০ জুন) পৌনে বারটায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১ জুলাই) এক শোকবার্তায় আইজিপি বলেন, মরহুম মো. ইমরান হোসেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন সৎ ও দক্ষ কর্মী ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে সারাদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন দক্ষ কর্মীর মৃত্যুতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
