ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, ৬ ঘণ্টা যানজট

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪:৩৭

মাদারীপুরের রাজৈরে দুটি বাস ও মালবাহী কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রামে গোল্ডেন লাইন পরিবহন, সোনালী পরিবহন ও আরএফএল-এর মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে দুর্ঘটনার পর দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ক্রেন এনে বাস ও ট্রাক সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ছবি: ইত্তেফাক

এদিকে, আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর হোসেন জানান, ঢাকাগামী সোনালী পরিবহনের সঙ্গে আরএফএল-এর একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহন ধাক্কা দেয়। এতে ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়। ঘটনার পরে যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে ঈদ পরবর্তী ঢাকামুখী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করেছে। ফলে দুর্ভোগ কিছুটা হলেও সময় বেশি লাগেনি।

ইত্তেফাক/এসকে