আড়াইহাজারে মাদকবিক্রেতা সাইফুলসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৫:৪০

আড়াইহাজারে শীর্ষ মাদকবিক্রেতা সাইফুল ইসলামসহ  (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদকবিক্রেতারা হলো- বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল (২৪) ও একই গ্রামের আবু তালেকের ছেলে মাহিন (২২)। 

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তারকৃতরা আড়াইহাজারের শীর্ষ মাদকবিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বালিয়াপাড়া গ্রাম ঘেরাও করে ২০০ পিস ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। এরপর সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।  

গ্রেপ্তারকৃত সাইফুল, তার বাবা মকবুল, মা সোনাতোন বিবি ও ভাই সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সাইফুল গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে।

ইত্তেফাক/কেকে