উৎসবমুখর পরিবেশে দোহায় বাংলা নববর্ষ উদযাপিত 

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:৫৪

কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩০ উদযাপিত হয়েছে। সম্প্রতি আরব আমিরাতের কাতারে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং দূতাবাসের সদস্যদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় কলেজ প্রাঙ্গণে সবার অংশগ্রহণে বিভিন্ন রঙের ব্যানার, আলপনা, দেশীয় পালকি ও প্রাচীন ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে বর্ণালি সাজে সাজানো হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। এসময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্টলে বাংলাদেশি খাবার, মিষ্টি, হস্তশিল্প, শাড়ি, মনোহারী দ্রব্য, অলঙ্কার সামগ্রীসহ নানা রকমের পসরা নিয়ে বসেন। 

এর আগে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলা বর্ষবরণ উৎসবরে উদ্বোধন করেন। 

এসময় রাষ্ট্রদূত উপস্থিত সকলকে বাংলাদেশের সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সকল প্রবাসীদের আরও বেশি অবদান রাখার আহবান জানান।

ইত্তেফাক/এমএএম