নিউইয়র্কে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৩:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জুলাই শনিবার নিউইয়র্কে বসেছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। নিউইয়র্কের কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট মেরিয়ট হোটেলে এই মিলনমেলা হয়। নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, পেনসেলভেনিয়াসহ ভিন্ন স্টেটে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গণমাধ্যম কর্মী মুহাম্মদ শহীদুল্লাহর উপস্থাপনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

এর আগে পরিচয়পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন। তাদের বর্তমান পরিস্থিতি এবং কর্মকাণ্ড সম্পর্কেও পরস্পরকে জানান। অনুষ্ঠানের বড় অংশজুড়ে ছিলো বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। এতে সাবেক শিক্ষার্থীদের অনেকে যেমন আনন্দে উদ্বেলিত হন, আবার অনেকে স্মৃতিকাতর হয়ে পড়েন।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন ড. এনাম সরকার, মাহমুদ মেনন খান, আবুল কাশেম, কাজী জহিরুল ইসলাম, মুক্তি জহির, কায়েস মোহাম্মদ আলমগীর, ড. ইব্রাহীম খলিল, সিলভিয়া সাবরিন, মো. খলিলুর রহমান, হজরত আলী, ইকবাল মোরশেদ,আনোয়ার খান, আরেফিন তুলু, ইমামুদ্দিন, ইকবাল মাসুদ, শামীমা জাহান, রুবি আফরিন এবং ফাতিমা মৌসুমী ।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের ঋণের শেষ নেই। আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছে এই একটি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় মানুষকে উদার হওয়ার শিক্ষা দেয়, মানুষের জন্য জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়, সর্বোপরি দেশ ও দশের কল্যাণে কীভাবে আরও কাজ করা যায়, তার শিক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রাক্তন শিক্ষার্থী কাজী জহিরুল ইসলাম ও ড. ইব্রাহীম খলিলের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটেন প্রবাসে থাকা ঢাবি শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এসসি