বাগেরহাটের শরণখোলার সেই শতবর্ষী পুকুর রক্ষায় পরিবেশ ও ভূমি সচিবসহ ৮ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
সোমবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী এস হাসানুল বান্না স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। এ বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে বাদীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
বিবাদীরা হলেন সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সচিব ভূমি মন্ত্রণালয়, সচিব স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক বাগেরহাট, পুলিশ সুপার বাগেরহাট, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর (বাগেরহাট)।
জানা যায়, শরণখোলার রায়েন্দা বাজার এলাকার ৫ হাজার পরিবারের মিঠা পানির একমাত্র উৎস জেলা পরিষদের মালিকানাধীন শতবর্ষী রায়েন্দা বাজার পুকুরটির একাংশ ভরাট করে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই সাত জনের নামে ইজারা দেন জেলা পরিষদের চেয়ারম্যান।
গত ২০ জুন জেলা পরিষদ থেকে এ সংক্রান্ত একটি চিঠি শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসার পর বিষয়টি প্রকাশ পায়। এর পরই স্থানীয়রা মার্কেট নির্মাণ বন্ধ, ইজারা বাতিলসহ পুকুরটি রক্ষায় প্রতিবাদী হয়ে মানববন্ধন ও সমাবেশ করে। পরে স্থানীয়দের তোপের মুখে তাৎক্ষণিক মার্কেট নির্মাণ স্থগিত করে জেলা পরিষদ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, শতবর্ষী পুকুর রক্ষায় বেলার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ৮ জনকে বিবাদী করে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ বাদীকে অবহিত করার কথা বলা হয়েছে হয়েছে। অন্যথায় তাদের নামে মামলা করা হবে।
