টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গোপন ক্যামেরা, পর্যটকদের ক্ষোভ 

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২০:১৩

সুনামগঞ্জের তাহিরপুরে একটি পর্যটকবাহী হাউসবোটের (নৌকার) ওয়াশরুমে গোপন ক্যামেরা ধরা পড়েছে। এ নিয়ে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী ‘স্বপ্ন হাউসবোট’ নামে পর্যটকবাহী একটি নৌকার ওয়াশরুমে থাকা গোপন ক্যামেরা সাজিদুর রহমান নামে এক পর্যটকের নজরে আসে।

সাজিদুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণ করার জন্য ‘স্বপ্ন হাউজবোটে’ উঠি। হাউজবোটের ওয়াশ রুমে গেলে একটি কাপড়ের টুকরো আমার চোখে পড়ে। তখন আমার সন্দেহ হলে কাপড়ের টুকরোটি হাতে নিয়ে খুলে দেখি তাতে গোপন ক্যামেরা রাখা। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বোটের এক নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের জন্য বিপদজনক, সহজে ব্ল্যাকমেইল করার একটি উপায়। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্বপ্ন হাউসবোটের ম্যানেজার সোহেল আহমদ বলেন, আমি বোটে ছিলাম না। বিষয়টি শুনে ঢাকা থেকে রওনা হয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন, বিষয়টি খুবই লজ্জার এবং দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি/পিও