ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে নিহত আলাউদ্দিন, যাওয়া হলো না সৌদি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:০৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট গ্রামের আলাউদ্দিন মিয়া। চলতি মাসে সৌদি আরবে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সেটি আর হলো না।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আলাউদ্দিন মিয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বন্ধুকে নিয়ে আলাউদ্দিন গ্রামের বাড়ি বিদ্যাকুট ফিরছিলেন। শিবপুর-রাধিকা সড়কের বিরামপুরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে আলাউদ্দিন ও মোহন মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

আলাউদ্দিনের প্রতিবেশী বিউটি বেগম বলেন, চলতি মাসেই আলাউদ্দিনের সৌদি আরবে থাকা তার বড় ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল। তাই বিদেশে চলে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল। রোববার আলাউদ্দিন নতুন ওই মোটরসাইকেলটি কিনেছিল। আর সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল। তার আর বিদেশ যাওয়া হলো না।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও