ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে দুই দিনের ইসরায়েলি হামলায় সর্বশেষ ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে নতুন করে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরা
বুধবার (৫ জুলাই) সকালের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরের কাছে ইসরায়েলি বিমান বাহিনী একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা ইসাম আদওয়ান বলেন, আমরা বিমান হামলা দেখেছি। বিশেষ করে গাজা উপত্যকার উত্তর দিকে বেইত লাহিয়া শহর এবং গাজার দক্ষিণ পাশের শহরে হামলা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় হতাহতের কোনো খবর দেয়নি।
