জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ‘সুড়ঙ্গ’তে ময়না চরিত্রটি এরই মধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে । তবে ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকার কথা জানান তমা মির্জা।
মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। তমা তার পোস্টে লেখেন, ‘সুড়ঙ্গ’ এর ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়নি। এটা আমার বক্তব্য। কিন্তু দেখলাম একটা নিউজের হেডলাইন ‘তমার হাতে কাজ নেই’ ভাই একটু জেনে বুঝে নিউজ করেন আপনাদের এসব হেডলাইন এর জন্য আমরা আর্টিস্টরা কনট্রোভার্সিতে পরি। এটা বিরক্তিকর এবং বিব্রতকর।
রায়হান রাফীর পরিচালনায় প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। এ সিনেমায় তমার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো ।
প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমার গল্পটি ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র দুই দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে।
