সৌদির আল ইত্তিফাকের কোচ হলেন ইংল্যান্ডের জেরার্ড

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:২৩

গুঞ্জনটা গত কিছুদিন ধরেই ভাসছিল বাতাসে। গত মাসে স্টিভেন জেরার্ড সৌদি আরব সফর করার পরই গুঞ্জনটা ছড়িয়ে পড়ে। তবে জেরার্ডের পক্ষ থেকে খবরটাকে স্রেফ গুজব বলে উড়িয়েই দেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই গুজবটাই সত্যি হলো। সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের কোচের দায়িত্ব নিয়েছেন লিভারপুলের ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড।

জেরার্ডের সঙ্গে চুক্তির খবরটি প্রথমে বিশ্ববাসীকে দিয়েছে আল ইত্তিফাক। সৌদি ক্লাবটি এক টুইট বার্তায় জানিয়ে দেয়, ‘কিংবদন্তিদের যেখানে পাওয়া যায়। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, স্টিভেন জেরার্ড আমাদের নতুন প্রধান কোচ।’ পরে জেরার্ড নিজেও নিজেকে আল ইত্তিফাকের নতুন কোচ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল ইত্তিফাকেরই সামাজিক যোগাযোগের চ্যানেলে এক ভিডিও বার্তায় আল ইত্তিফাকের সমর্থকদের অভিনন্দন জানিয়ে জেরার্ড বলেছেন, ‘হাই, আমি স্টিভেন জেরার্ড। আমি একজন ইত্তিফাকি। শিগিগরই দেখা হচ্ছে।’

৪৩ বছর বয়সি জেরার্ড ২০১৬ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর ২০১৭ সালে নাম লেখান কোচিং পেশায়। লিভারপুলের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরুর পর ২০১৮ সালে রেঞ্জার্সের কোচের দায়িত্ব নেন। সর্বশেষ কোচ ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার। তবে ২০২১ সালে তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেও গত অক্টোবরে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করে অ্যাস্টন ভিলা। সেই থেকে বেকারই ছিলেন জেরার্ড। এই সময়ে অনেক ক্লাবের নাম জড়িয়েই গুঞ্জন উঠেছে। সর্বশেষ গুঞ্জন উঠে আল ইত্তিফাককে জড়িয়ে, গত মাসে তার হঠাৎ সৌদি আরব সফরের পর। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। আল ইত্তিফাকের সঙ্গে জেরার্ডের চুক্তিটা হয়েছে দুই বছরের।

 

ইত্তেফাক/জেডএইচ