নেত্রকোনার পূর্বধলায় কংস নদে পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ জুলাই) বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদের মুচারবাড়ি গোদারা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬)।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০-১৫ জনকে নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। নদের মাঝামাঝি পৌঁছালে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৮-১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ যাত্রী নিখোঁজ হন।
ধলামূলগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, নৌকাটি ছিল ডিঙি নৌকা। মাঝি বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়।
পূর্বধলা ফায়ার সার্ভিসের কমান্ডার সাঈদ মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেছে। নিখোঁজ অপর ২ জনকে উদ্ধার করতে কিশোরগঞ্জের ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। নদটি পূর্বধলা ও দূর্গাপুর থানার মধ্যে প্রবাহিত। তাই বিষয়টি দূর্গাপুর থানা দেখবে।
