কে হবেন নতুন কোচ, ফেরার সুযোগ নেই ছোটনের

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৫২

মহিলা ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন পদত্যাগ করেছেন গত ২৮ মে। পদত্যাগ করলেও ছোটনকে আনার চেষ্টা ছিল বাফুফের। এর আগেও পদত্যাগ করার কথা বলেছিলেন কিন্তু পরে আবার তার অবস্থান থেকে সরেও এসেছিলেন বলে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দাবি করেছিলেন তখন। এসব কথা ভেবে ছোটনের পদত্যাগপত্র অলস পড়েছিল বাফুফের টেবিলে। ফিফা এবং এএফসির নিয়ম হচ্ছে প্রো-লাইসেন্স না থাকলে কোচ হয়ে ডাগআউটে থাকতে পারবেন না।

এই পরিস্থিতিতে ছোটনকে আর ফেরানোর সুযোগ নেই। কারণ ছোটনের প্রো-লাইসেন্স নেই। এতদিন ভিন্নভাবে তাকে মাঠে রাখা হয়েছিল সেই সুযোগও বন্ধ হয়ে গেছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। যে কারণে ছোটনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং গত মঙ্গলবারই ছোটনকে সেই কথা জানিয়ে দিয়েছে বাফুফে। 

ছোটনের ‘এ’ লাইসেন্স রয়েছে। তিনি প্রো-লাইসেন্স কোর্স করলেও তার অ্যাসাইনমেন্ট জমা দেননি। ইমরান হোসেন তুষার জানিয়েছেন, অ্যাসাইনমেন্ট জমা না দেওয়ায় তিনি রেজাল্ট পাবেন না।’ ছোটন এতদিন কীভাবে কাজ করেছেন জানতে চাইলে তুষার বলেন, ‘তখন বাফুফে হতে এএফসিকে অনুরোধ করে বলা হতো কোর্স করছেন। তখন তারা অনুরোধ রাখতেন। বারবার অনুরোধ করে কাজ হয় না। আর এএফসির কাছে যদি রেজাল্ট চলে যায় তখন আর অনুরোধের দুয়ারও বন্ধ হয়ে যায়।’

এবার প্রো-লাইসেন্স পাওয়ার জন্য দেশি বিদেশি ৩২ জন পরীক্ষা দিয়েছিলেন। বিদেশি ১২ জন, দেশি ১১ জন পরীক্ষা দিয়েছিলেন। বাংলাদেশিদের মধ্যে আসিফুজ্জামান পাশ করেছেন। জুলফিকার মাহমুদ মিন্টু, মারুফুল হক, কায়সার, জাকারিয়া বাবুর বিষয়ে এখনো পর্যালোচনা চলছে। তাদের রেজাল্ট আসেনি। আর বাদবাকিরা পাশ করতে পারেননি। পাশ না করাদের মধ্যে ছোটনকেও ধরা হয়েছে।

এই পরিস্থিতিতে এখন সাবিনাদের ফুটবল কোচ হয়ে কে থাকবেন মাঠে। কারণ আগামী ১৩ এবং ১৬ জুলাই ঢাকায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ। এটি ফিফার প্রীতি ম্যাচ হলেও প্রো-লাইসেন্স না থাকায় কোচ দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন ইমরান। প্রীতি ম্যাচে কাজ করা যায়। ফিফা এবং এএফসির অফিসিয়াল ম্যাচ হলে প্রো-লাইসেন্স লাগবে। নেপালের বিপক্ষে প্রো-লাইসেন্স না হলেও চলবে জানান বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, এখন মেয়েদের দলে যিনি সহকারী কোচ আছেন মাহবুবুর রহমান লিটু, তিনিও ‘এ’ লাইসেন্স সার্টিফিকেটধারী। তিনি বাংলাদেশ-নেপাল ম্যাচের ডাগআউটে দাঁড়াতে পারবেন।’

ইত্তেফাক/এসএস