জিকোর বিশ্বাসই হয়নি সাফের সেরা তিনি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:২৪

সাফ চ্যাম্পিয়নশিপের কুয়েত-ভারত ফাইনাল দেখলেন টিভির পর্দায়। সারাক্ষণ খেলা দেখে নিজের নাম শুনলেন অন্যের মুখে। ভাত খেতে টেবিলে চলে গেলেন। অন্য একজন এসে গোলকিপার আনিসুর রহমান জিকোকে জানালেন সে সাফের সেরা গোলদাতা হয়েছেন। 

‘আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আমাকে সেরা গোলকিপার পুরস্কার দেওয়া হয়েছে। পরে আমি ভিডিও টেনে দেখলাম। নিজের নাম শুনলাম-বললেন আনিসুর রহমান জিকো। বললেন, ‘ভারত থেকে ফেরার পর দুই দিন মন খারাপ ছিল। সাফের সেরা গোলকিপার হয়েছি শুনে মনটা ভালো লাগছে। সঙ্গে এটাও মনে হচ্ছে ফাইনাল খেলতে পারলেও আরো খুশি হতে পারতাম। এই অর্জন আমার একার নয়। সবাই মিলে পেয়েছি।’

সাফে এবার নিয়ে ৯ম ট্রফি জিতলো ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। নেপালকে দেওয়া হয়েছে ফেয়ারপ্লে ট্রফি। আর বাংলাদেশের গোলকিপার জিকো সাফের সেরা গোলকিপার। এটা অনেক বড় ব্যাপার। গ্রুপ পর্বে বাংলাদেশ তিন ম্যাচ এবং সেমিফাইনালে এক ম্যাচ খেলেছেন জিকো। প্রত্যেক ম্যাচই ভালো খেলেছেন। 

১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠা বাংলাদেশ খেলেছে কুয়েতের বিপক্ষে। ১-০ গোলে হারলেও সেই ম্যাচও অসাধারণ খেলেছেন তিনি। কুয়েতের আক্রমণগুলো জিকো যেভাবে ঠেকিয়েছেন তা অবিশ্বাস্য। একমাত্র গোলে হারলেও বিচারকদের চোখে জিকোর পারফরম্যান্স অসাধারণ। তাকে পুরস্কৃত করতে বাধ্য হয়েছেন বিচারকরা। সাফে বাংলাদেশের কেউ সেরা গোলকিপার পুরস্কার পায়নি বলে জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন। এই তালিকায় প্রথম নাম উঠালেন জিকো।

ইত্তেফাক/এসএস