বিএসএমএমইউতে গণজাগরণ মঞ্চের শিপ্রা বোসের মরণোত্তর অঙ্গদান

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:৩৫

গণজাগরণ মঞ্চের সংগঠক শিপ্রা বোসের মরণোত্তর দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) গণজাগরণ মঞ্চের সংগঠকরা বিএসএমএমইউয়ের শেখ রাসেল ফোয়ারার সামনে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কাছে তাঁর মরণোত্তর দেহ হস্তান্তর করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিপ্রা বোসের দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের শিক্ষকরাসহ গণজাগরণ মঞ্চের সংগঠক ইমরান এইচ সরকার ও অন্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মরণোত্তর দেহদান একটি মহৎ কর্ম। শিপ্রা বোস দেহদানের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। শিপ্রা বোসের মত মানবকল্যাণে, চিকিৎসা বিজ্ঞানে সহযোগীতাকারীদের কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকবৃন্দ স্মরণ করবে। মরণোত্তর দেহদান চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে বিরাট অবদান রাখতে পারে।’

ইতিমধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে। এমনকি প্রথমবারের মতো যারা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন তাদেরকে নিয়ে এবং যারা দেহ দান করেছেন তাদের স্বজনদের নিয়ে একটি বিরল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিপ্রা বোস নব্বইয়ের ছাত্র এবং গণ অভুত্থানের সক্রিয়কর্মী। তিনি ক্যান্সারের সাথে লড়াই শেষে গত ১ জুলাই সকালে ব্যাংককে মারা যান। তিনি জাতিসংঘে সিনিয়র জেন্ডার উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

শিপ্রা বোস ২০১৩ সালে শাহবাগের গণজাগরণের নেপথ্যের অন্যতম সংগঠক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানেই তার বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষা অর্জন। মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছিলেন। সেখান থেকেই তার ছাত্র ইউনিয়নের সাথে পথচলা শুরু হয়েছিল।

ইত্তেফাক/এসজেড