তামিমের সিদ্ধান্ত মানতে পারছেন না সিয়াম ও সাইমন সাদিক

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৮:৫৮

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে কান্নাজড়িত কণ্ঠে নিজের কান্নাভেজা চোখে আন্তার্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রিয় ক্রিকেটারের এমন অপ্রত্যাশিত সিদ্ধান্ত মানতে পারছেন না ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক এবং জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম। সমাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে জানিয়েছেন তাদের কষ্টের সেই অনুভূতির কথা। 

নিজের ফেসবুকে সিয়াম লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের! জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেওয়া, লর্ডসের অনার্স বোর্ডে বলেকয়ে নিজের নাম ওঠানো, এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেওয়া, ভাঙা হাত নিয়ে নিদহাস ট্রফিতে অসামান্য বীরত্ব— কোনটা রেখে কোনটার কথা বলব? খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’

এরপর তিনি লেখেন, ‘হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না। আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে।’

তিনি আরও লিখেছেন, ‘এখন পরিবারকে সময় দিন। সবকিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। আরও অনেক কিছু দেওয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।’

এদিকে ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন না তামিম ইকবাল। দেশের জন্য হলেও এ ঘোষণা পরিবর্তন করুন।’

তামিমকে নিয়ে সাইমনের দেয়া স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। কমেন্টস বক্সে তারই আভাস পাওয়া গেছে। ডিএম জুনিয়র নামে একজন লিখেছেন, ‘তার কিছুই করার নেই, তাকে এ ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে।’ তার নিচেই মেহেদি নামে একজন লিখেছেন, ‘না ভাই যার ভেতরে কষ্ট সেই ফিল করছে। আমরা তো বাহিরটা দেখেছি ভেতরটা দেখিনি, বুঝবো কি করে।’ জাকির হোসেন লিখেছেন, ‘খান সাহেব এক কথার মানুষ।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।


 

 

ইত্তেফাক/পিএস