গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নির জ্ঞান এখনও ফেরেনি। গত ২০ মে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন ওই শিক্ষার্থী।
জানা যায়, গত ২০ মে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে ওই শিক্ষার্থীকে ভুল ইনজেকশন দেন এক নার্স। এরপরই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এদিকে এক মাস পার হয়ে গেলেও মুন্নির জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার।
মুন্নির বড় ভাই হাসিবুল রুবেল বলেন, 'এখনও আইসিইউ-তে অজ্ঞান অবস্থায় রয়েছে মুন্নি। চিকিৎসক বলেছেন সময় লাগবে সুস্থ হয়ে উঠতে। তবে আরও কতদিন লাগবে সুস্থ হতে এ বিষয়ে চিকিৎসকরা কিছু বলতে পারেন না।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, 'সার্বক্ষণিক মুন্নির বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। তার পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আরও টাকা দেওয়া হবে।’
এ ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, 'অভিযুক্ত দুই নার্সকে এখনও গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য জামিন নিয়েছেন।'
ইত্তেফাক/জেডএইচডি
