কংস নদে নৌকাডুবি: নিখোঁজ আরও ২ জনের লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৭:২৮

নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে ও বারহাট্টার ফকিরের বাজার এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে দুর্গাপুর উপজেলার দেওটুকোন এলাকার কংস নদ থেকে জেলেরা মাহাবুব আলম (১২) নামে একজনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ আলীর ছেলে সোহেল মিয়া (২৫), দুর্গাপুর উপজেলার দেওটুকোন গ্রামের আবু ছিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও একই এলাকার মাজহারুল ইসলামের ছেলে মাহাবুব আলম।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় সোহেল মিয়ার লাশ উদ্ধার করে। অপরদিকে নিখোঁজ স্বপন মিয়ার লাশ বারহাট্টা উপজেলার ফকির বাজার এলাকার কংস নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিহতদের স্বজনেরা শনাক্ত করার পর তাদের কাছে লাশ দুইটি হস্তান্তর করা হয়। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ৮-১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া, মাহাবুব আলম, স্বপন মিয়া নিখোঁজ হয়।

ইত্তেফাক/এবি/পিও