জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বিরোধী দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। ষড়যন্ত্র করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই চেষ্টা করে।
শুক্রবার (৭ জুলাই) সকালে উপজেলার ‘দাদা ভাই’ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করে না। এ কারণেই বন্যা, করোনাসহ সকল দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। অন্য কোনো দল মহামারিসহ দুর্যোগে আপনাদের পাশে আসেনি। শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও দেশের জনগণ আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, শীঘ্রই রেল চালু হচ্ছে। এই রেল সংযোগ পায়রা বন্দর, মংলা বন্দর এবং এক সময় ভারতের সঙ্গেও যুক্ত হবে। শিবচর থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাওয়া-আসা যাবে। শিবচরে থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এ এলাকার মানুষ। আমাদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে। এর ফলে এখান থেকেই আপনারা ভারতসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। চিকিৎসার জন্য, শিক্ষার জন্য যেতে পারবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র , উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, এলজিইডির উপজেলা প্রকৌশলী একেএম রেজাউল করিম, শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, উপজেলার বাহাদুরপুর এলাকায় প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হাতিরঝিলের সেতুর আদলে একটি সেতু। যার নামকরণ করা হয় ‘দাদা ভাই’ সেতু। ফলে পৌর এলাকা থেকে সহজেই রেল স্টেশন এবং এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে সাধারণ মানুষ।
