বেলজিয়ামে ‘বাংলাদেশের অর্থনীতির সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:০৯

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশের অর্থনীতির সুযোগ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্টাডি সার্কেল লন্ডন ও ইউরোপিয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিসের যৌথ আয়োজন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। 

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন, বেলজিয়াম সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জন করনেট ইলজিয়াস, ইউরোপিয়ান এক্সটার্নাল এ্যাকশনের দক্ষিন এশিয়া বিষয়ক প্রধান রেনজি টিরিনক, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার মিলান জভের, বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতি মন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বি জি এম ই এ এর প্রেসিডেন্ট ফারুক হোসাইন, বেলজিয়াম- লুক্সেমবার্গ এবং ইউরোপিয়ান পার্লামেন্ট মিশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সভাপতি ইউরোপিয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিসের ডিরেক্টর লিল গোথালস। 

সেমিনারে বক্তারা বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটি বিশ্বের উন্নত দেশের জন্য অনুকরণীয় হতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আর্ত সামাজিক, গণতন্ত্রের সূচক, দেশের উন্নয়নের সাথে অর্থনীতির চাকা সচল রেখেছেন।

কোভিড, ইউক্রেন যুদ্ধের প্রভাব সবকিছুতে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অদম্য।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এক দশক ধরে, পুরো বিশ্ব বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। 

অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশিরভাগ লক্ষ্য অর্জনে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 

এছাড়া বক্তারা সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টের ছয়জন মেম্বারের দেয়া চিঠির বিষয়েও কথা বলেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি ও স্টাডি সার্কেলের উপদেষ্টা সুলতান শরীফ, স্টাডি সার্কেল লন্ডনের সমন্বয়ক জামাল খান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন,  প্রকৌশলী হাসনাত মিয়া,  মিজান চৌধুরী মিন্টু সহ ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং ইউরোপের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/কেকে