কুষ্টিয়ায় নদী ভাঙনে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৯:৫৮

কুষ্টিয়ায় মিরপুরে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধসহ বসতভিটা ও ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৮ জুলাই) উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বালুখেকো চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পদ্মা নদীতে বড় বড় ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছে। অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় পদ্মা পাড়ের মির্জানগর এলাকায় ব্যাপক ভাঙনে ইতিমধ্যে বহু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ২-৩ বছর ধরে এই ভাঙন অব্যাহত থাকায় বিস্তীর্ণ জনপদ, বসতবাড়িসহ কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কটি বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ মির্জানগর এলাকার ভাঙন পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগিদ দেন। এর আগে জাতীয় সংসদে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু নদী ভাঙনের ভয়াবহতা তুলে ধরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি করেন। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ বলেন, পদ্মার অব্যাহত ভাঙন ক্রমেই বেড়ে চলছে। দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না হলে অব্যাহত নদী ভাঙনে মিরপুর উপজেলার মির্জানগর, সাহেবনগর ও বহুলবাড়িয়াসহ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক বিলীন হয়ে যেতে পারে।

উল্লেখ্য, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশের জন্য হুমকির কারণে রাজবাড়ির পাংশা থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত বালু উত্তোলন বন্ধে হাইকোর্ট অতি সম্প্রতি আদেশ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে একটি চক্র পদ্মা ও গড়াই নদী থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে।

ইত্তেফাক/এবি/পিও