‘জনগণ বিএনপিকে আর মানুষ পোড়ানোর অপরাজনীতির সুযোগ দেবে না’

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২১:২৬

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জনগণ বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মানুষ পোড়ানোর অপরাজনীতি করার সুযোগ আর দেবে না। পুড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করাও আর সম্ভব হবে না। তাই বিএনপিকে বলবো, নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যতই সময় দেবে না বলে, ততই জনগণ আমাদের সময় বাড়িয়ে দেয়। এখন প্রতিদিন টেলিভিশনের পর্দায় এবং পত্রিকার পাতায় দেখতে পাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সরকারকে আর একদিনও সময় দেবে না। এভাবে সময় না দেওয়ার মধ্যে আল্লাহর রহমতে সাড়ে ১৪ বছর আমরা ক্ষমতায় আছি।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, জনগণ কাদের সঙ্গে আছে তা পরখ করে দেখুন। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও এদেশের মানুষ আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

মন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের বাজেট ছিলো ৬১ হাজার কোটি টাকা। এবার আমাদের বাজেট হলো ৭ লাখ ৬১ হাজার ৫৮৫ কোটি টাকা। বাজেটের আকার তাদের চেয়ে সাড়ে ১১ গুণ বড়। 

তথ্যমন্ত্রী আরও বলেন, গত নির্বাচনে আমাদের স্লোগান ছিলো ‘গ্রাম হবে শহর’। সারা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে। দেশ এখন বদলে গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। আজকের বাংলাদেশের চিত্রের সঙ্গে ১৫ বছর আগের চিত্রের মধ্যে পার্থক্য রয়েছে।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হলেন সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছানোর আসল পথ। মানুষ আপনাদের কথা শোনে, আপনাদের কথা বিশ্বাস করে। মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছানোর জন্য আপনারা সেতুবন্ধন রচনা করেন। আজকে যে দেশটি পরিবর্তন হয়ে গেছে এই বার্তাটি পৌঁছে দিতে হবে। 

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতিসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও