বঙ্গবন্ধুর সমাধিতে বরিশালের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২১:৩০

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে নবনির্বাচিত কাউন্সিলর ও বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এর আগে বেলা ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে বঙ্গবন্ধুর পুরনো বাড়িতে বিশ্রামে যান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সঙ্গে ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও