বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার এখন স্বস্তিতে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ফোন পেয়েছেন। একটা ফোনে তার মনটা একটু হালকা হয়েছে। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ হওয়া নিয়ে বিব্রত হতে হয়েছিল জামাল ভূঁইয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ছড়িয়েছিল। মার্টিনেজ নাকি কথা বলেননি।
আসলে মাঝখানে একটা দূরত্ব হওয়ার কারণে মার্টিনেজ-জামাল সাক্ষাৎ হয়নি। সেটা নিয়ে কলকাতা থেকে ভারতীয় স্পোর্টস প্রমোটর শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু কথা বলেছেন জামালের সঙ্গে। শতদ্রু দত্ত ফোন করেছিলেন জামালকে। সেদিনের ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি।
জামাল বললেন, ‘শতদ্রু দুঃখ পেয়েছেন। আমাদের সঙ্গে দেখা করিয়ে দিতে পারতেন যদি আগে থেকে জানতেন। উনি খুব করে বললেন যে, তিনি আসলে বিষয়টা জানতেনই না। মার্টিনেজের গাড়ির কাছাকাছি ছিলাম। কারণ আমরা সাফ খেলে ভারত থেকে বিমানবন্দরে নেমেছি। ভিড়ের মধ্যে যোগাযোগটা হচ্ছিল না, সেটাই বললেন শতদ্রু।’
জামালের মনটা আরো ভালো হয়ে গেলো যখন শতদ্রু মার্টিনেজের কথা জানিয়ে বললেন, ‘মার্টিনেজ একটি জার্সি দিয়ে গেছেন তোমাকে। আর্জেন্টিনার জার্সিকে ইংরেজিতে লেখা চিয়ার্স জামাল।’
মার্টিনেজের দেওয়া সেই জার্সি এখন কলকাতায়, শতদ্রু দত্তের কাছে। জার্সিটি সংগ্রহ করার কথা জামালকে জানিয়েছেন শতদ্রু দত্ত। জামাল বলেন, ‘আমাকে কলকাতায় গিয়ে জার্সি আনতে হবে। আমি উনাকে (শতদ্রু দত্ত) বলেছি আমার এখন খেলা চলছে। শেষ হলে আমি ডেনমার্কে চলে যাব। এর মধ্যে আপনারা যদি একটা সময় বের করেন তাহলে দেখা হবে। আমি জার্সিটা সংগ্রহ করে নেব।’
