রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নার্সারির মালী আবুল হোসেন হত্যা মামলায় ২২ বছর পর দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান লিটন এবং মালি আনোয়ার হোসেন আনারুল।
জানা যায়, আবু তাহের আসামি মুস্তাফিজুর রহমানের সঙ্গে কুর্মিটোলায় ২২২ এম ইউ সংলগ্ন জায়গায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে এম ইউ বিল্ডিংয়ের অফিসের পেছনে ম্যানহোলের ভেতর থেকে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ সময় মুস্তাফিজুর রহমান নার্সারি থেকে পালিয়ে যান। নার্সারির অপর দুই মালী রবিউল ও আনোয়ারকে বিমান বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
