৫৭ জেলায় ভয়াবহ ডেঙ্গু, আরও বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর 

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৮:২৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে। দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। আগস্ট এবং সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। 

রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতর কী ব্যবস্থা আছে— এ প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, দেশের সমস্ত হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন করা হয়েছে। ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া আছে। এছাড়া ওষুধসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে এখনো সিট খালি আছে। সেগুলোই এখনো ভরেনি। আশা করি চিকিৎসার কোনো সমস্যা হবে না।

জাহিদ মালেক বলেন, আশঙ্কাজনক বিষয় হচ্ছে দেশের এখন সবগুলো জেলার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানমতে, দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। ইতোমধ্যে ডেঙ্গুতে দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী। আর চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ হাজারের অধিক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যত ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। সারাদেশের ডেঙ্গু আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আছেন। ডেঙ্গু মোকাবেলায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করব তারা যেন বেশি বেশি স্প্রে করে। যেখানে যেখানে পানি জমে সেগুলো সরিয়ে ফেলে। শুধু সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না। জনগণকে কেউ এগিয়ে আসতে হবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার করতে হবে এবং মশা জন্ম নেওয়ার স্থানে স্প্রে করে লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।

ইত্তেফাক/এনএ/এআই