জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সার্ভার কোনো থ্রেট (হুমকির) ভেতরে নাই দাবি করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
এদিকে সার্ভার থেকে বিপুল সংখ্যক জন্ম ও মৃত্যুর নিবন্ধন তথ্য গায়েব হওয়ার বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ। রবিবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এ প্রতিবেদন দাখিল করেন।
এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর বলেন, ওয়েবসাইটের সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নাই। এনআইডি একটা পৃথক সাইট। ১৭১টি প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে কানেক্টেড। কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নাই। আদালতের নির্দেশ হাতে পেলে সেই মোতাবেক কাজ করব উল্লেখ করে এনআইডি ডিজি বলেন, আদালতের নির্দেশনা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা আমাদের সাইটে অ্যাবনর্মাল হিট পায়নি। আমাদের সার্ভার পাবলিক প্রপার্টি নয় এটা নিজস্ব সম্পদ। এখানে কেউ কিছু লিখতে পারে না।
ওয়াসা ও বিদ্যুৎ বিলের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবীর বলেন, ওদের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কি ক্ষতিয়ে দেখছি। এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। যাদের সঙ্গে কাজ করছি তারাই থার্ড পার্টি তাদের মাধ্যমে তথ্য ফাঁস হয়নি। আমার কাছে অ্যাবনর্মাল হিট হয়নি। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখব। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি। পার্টনার সাইড অডিট করব। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করাবো। এর পর ব্যবস্থা নেব।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। তারপরও সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্য আইসিটি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।
ইসির এনআইডি সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, আমাদের এনআইডি ডাটাবেজ অনেকগুলো পার্টনারের সঙ্গে কানেক্টেড। তাই সিকিউরিটি লিক করার চান্স থাকে। কারণ তাদের সার্ভার থেকে তথ্যটা নিচ্ছে। আমাদের এনআইডি সার্ভারের থ্রেড নাই।
তিনি বলেন, এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টা পার্টনার সার্ভিস সিকিউরভাবে কাজ করছে। শনিবার নিউজ দেখার পর আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। মাথাব্যাথা হলে কাটব না। এটা সমাধান করব যাতে করে নাগরিক সেবা ঝুঁকিপূর্ণ না হয়।
