পুলিশ পরিচয়ে ছিনতাই, চাকরিচ্যুত পুলিশ-রোহিঙ্গাসহ আটক ৪

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:৩৭

কক্সবাজারের উখিয়ায় পুলিশ পরিচয়ের ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত কনস্টেবল ও রোহিঙ্গাসহ চার জনকে আটক করা হয়েছে। কুতুপালং টিভি টাওয়ার এলাকায় রোববার (৯ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এ সময় হাতিয়ে নেওয়া চারটি মোবাইল ও দুটি সিএনজি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

আটকরা হলেন সুনামগঞ্জের রতিস দাসের ছেলে নিরঞ্জন দাস (২৫), কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের শোয়াইবের ছেলে মো. সাদেক (২৩), কুতুপালং এলাকার মফিজ উদ্দিনের ছেলে শাহিন আলম (২০) ও মৃত নুরুল কবিরের ছেলে মো. আসলাম (২০)।

এদের মধ্যে সুনামগঞ্জের নিরঞ্জন দাস চাকরিচ্যুত আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল। দু’বছর আগে তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, পুলিশ পরিচয় দিয়ে সুকৌশলে প্রতিনিয়ত মোবাইল ছিনতাইসহ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চোর চক্র। সর্বশেষ গলায় ছুরি ধরে মোবাইল ছিনতাই ও পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে একজনের মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। ঘটনাটি নজরে এলে ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন রোববার (৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টিভি টাওয়ার এলাকায় অভিযান চালায়। এসময় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদের গ্রেপ্তারের পর, রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝেরপাড়া এলাকার ছিনতাইয়ের শিকার এক ভুক্তভোগী অভিভাবক মো. আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী আবছার বলেন, শুক্রবার (৭ জুলাই) আমার ভাগিনা হুজাইফা কুতুপালং দোকান থেকে আসার সময় মোবাইল ও  সাত হাজার টাকা হাতিয়ে নেয় নিরঞ্জন দাসসহ চক্রের সদস্যরা। এসময় তারা পুলিশ পরিচয় দিয়ে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ।

ইত্তেফাক/আরএজে