শেষ দুই ম্যাচে মাহমুদউল্লাহর খেলা নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৯:১৬

চোটে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে চোট পান তিনি। এরপর খুঁড়িযে রান নিচ্ছিলেন তিনি। এ অবস্থায়ও তার ৩৮ বলে ২৭ রানের ‍গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে ফিল্ডিংয়ের সময় মাহমুদউল্লাহকে আর মাঠে দেখা যায়নি।

তাই এই চোট নিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ দেখা যায়। তবে আজ মঙ্গলবার টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহমুউল্লাহর চোট ততোটা গুরুতর নয়। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেছেন, স্ক্যান রিপোর্টে দেখা গেছে রিয়াদের ডান পায়ের চোট গ্রেড ওয়ান পর্যায়ের।

তবে এ ধরনের চোটে সুস্থ্য হতে সাত-থেকে দশ দিন সময় লাগে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দু্ই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা কিছুটা হলেও থেকে যাচ্ছে।

আরও পড়ুন : মুক্তাগাছায় বিআরটিসি বাস সার্ভিস চালু

বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, চোটটি খুব গুরুতর কিছু নয়। আগামী কয়েক দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে তাকে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়টা তার চোট সেরে ওঠার ওপর নির্ভর করছে।’

বাংলাদেশের পরবর্তী খেলা ভারতের বিপক্ষে এজাবস্টনে আগামী ২ জুলাই। আর শেষ ম্যাচটি আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/কেআই